আছারীঃ আরবীতেঃ [اثري]
আশ'আরীঃ আরবীতেঃ [اشعري]
মাতুরিদীঃ আরবীতেঃ [ماتريدي]
এই তিনটি হলো আকিদাহকে কেন্দ্র ধরে সুন্নী ইসলামের ৩টি মত ও ধারা। বিশেষ করে ঈমানের সংজ্ঞা, শর্ত ও তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কিত এই তিনটি মত বা ধারা আহলুস সুন্নাহ ওয়াল জামা'আতের আলিমগনের মধ্যে প্রসিদ্ধি লাভ করে।
আল্লাহ তা'আলার আসমা(নাম) ওয়া(এবং) সিফাত(গুন, বিশেষণ)- কে আমরা কীভাবে গ্রহন করবো এ বিষয়ে এই তিনটি মত বা ধারার মানহাজ বা পদ্ধতি হলোঃ
আছারী (হাম্বলি/সালাফী) = ইছবাতুল মা'আনা ওয়া তাফউইদ্বুল কাইফিয়্যাহ
আশ'আরী = ক. তাউইয়িল; খ. তাফউইদ্বুল মা'আনা ওয়া কাইফিয়্যাহ
মাতুরিদী = তাফউইদ্বুল মা'আনা ওয়া কাইফিয়্যাহ
ইছবাতুল মা'আনা ওয়া তাফউইদ্বুল কাইফিয়্যাহ হলো সিফাতের অর্থকে ইছবাত বা সাব্যস্ত করা এবং এর ধরন-পদ্ধতি সম্পর্কে চুপ থাকা। যেমনঃ আল্লাহ তা'আলার ইয়াদ বা হাত রয়েছে, কিন্তু এই হাত সৃষ্টির মতো নয়, বরং হাত বলতে সৃষ্টির ক্ষেত্রে যা বুঝায় আল্লাহ'র ক্ষেত্রে তা বুঝায় না, তার হাতের ধরন আমাদের জানা নেই।
তাউইয়িল হলো সিফাতকে ব্যাখ্যা করা। যেমনঃ আল্লাহ তা'আলার ইয়াদ বা হাতকে 'হাত' না বলে 'কুদরত' বা 'ক্ষমতা' ইত্যাদি বলা।
তাফউইদ্বুল মা'আনা ওয়া কাইফিয়্যাহ হলো সিফাতের অর্থ ও ধরন উভয়ক্ষেত্রেই চুপ থাকা। যেমনঃ আল্লাহ তা'আলার ইয়াদ রয়েছে বলা, ইয়াদের অনুবাদ হাত না করা, ইয়াদ কী- তা জানি না বলা, ইয়াদের ধরন কেমন তাও জানিনা বলা।
এই তাফউইদ্বুল মা'আনা ওয়া কাইফিয়্যাহ এর অনুসারীরা দুটি গ্রুপে বিভক্ত,
ক. যারা সিফাতের অর্থ জানিনা বলে, এবং আছারীদের করা অর্থকে, অনুবাদকে অস্বীকার করে না, বিভ্রান্তি বলে না।
খ. যারা সিফাতের অর্থ জানিনা বলে, পাশাপাশি আছারীদের করা অর্থকেও ভুল বলে এবং তাদের বিভ্রান্ত মনে করে।
কিছু আছারী আলেম ও পূর্ববর্তী কিছু আশ’আরী আলিমগনের মাঝেও এই 'ক' গ্রুপটি বিদ্যমান। 'খ' গ্রুপটি আশ'আরীদের পরবর্তী গ্রুপ আর বর্তমান যুগের 'মাতুরিদী' দাবীদারও এই 'খ' গ্রুপের অন্তর্ভুক্ত। তবে পূর্ববর্তী মাতুরিদীদের অধিকাংশই 'ক' গ্রুপের অন্তর্ভুক্ত।
বিঃ দ্রঃ বর্তমানে আছারীদের সালাফী বলা হয়।



